সাভারের আশুলিয়ায় প্রেমের জেরে ছেলের বাবা সালাম মিয়াকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের পরিবারের বিরুদ্ধে। সোমবার বিকেলে আশুলিয়ার কুমকুমারি বাজারের পূর্ব পাশের আলীর বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মেয়ের পরিবারের লোকজনের হামলায় ছেলের পরিবারের আরো ৩ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেয়ের দুই ভাইকে গ্রেপ্তার করেছে।
নিহত সালাম মিয়া নেত্রকোনা জেলার সদর থানার খারবাংলা গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন নিহত সালাম মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১৯), জীবন মিয়া (১৮) ও তার প্রেমিকা নেত্রকোনা জেলার পূর্বধলা থানার খলিশাপুর বন্দের পাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মোছা. জান্নাতুল (১৫)।
হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনা জেলার পূর্বধলা খলিশাপুর বন্দেরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুদ রানা (২২) ও সাগর মিয়া (১৮)।
পুলিশ জানায়, প্রেমঘটিত বিষয় নিয়ে জীবন মিয়া এবং জান্নাতুলের পরিবারের ঝগড়া এবং হাতাহাতির ঘটনা ঘটে।
এক পর্যায়ে জান্নাতুলের বাবা ও তার ভাইয়েরা মিলে জীবন মিয়াসহ তার বাবা ও ভাইকে বাঁশ ও কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। হামলায় সালাম মিয়া গুরুতর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আহত জুনায়েদ ও জীবনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মেয়ে সালমা আক্তার বলেন, ‘আমার ভাই জীবনের সঙ্গে জান্নাতুলের প্রেমের সম্পর্ক ছিল।
বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হলে জান্নাতুলের বাবা সাইফুল ইসলাম ও তার ভাইয়েরা আমার বাবা ও ভাইদের বাঁশ ও কাঠ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। পরে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান এবং ভাই জুনায়েদের মাথা ফেটে যাওয়ায় ৮টি সেলাই দেওয়া হয়েছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


.
.











