ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় প্রেমিকার মৃত্যুর খবর শুনে শোক সহ্য করতে না পেরে বিষপানে তানভীর (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তানভীর ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় তার একমাত্র বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন।
বিকেলে তিনি তার প্রেমিকা স্ট্রোকজনিত কারণে আকস্মিকভাবে মারা যাওয়ার খবর পান। এ খবর শুনে চরম মানসিক আঘাতে ভেঙে পড়ে শোক সামলাতে না পেরে বিকেল আনুমানিক ৪টার দিকে বোনের বাসার বাইরে বিষপান করেন তিনি।
বিষপানের পর তানভীর ঘরের ভেতরে ঢুকে অসুস্থ হয়ে পড়েন। বিষক্রিয়া ছড়িয়ে পড়তে দেখে তার বোন ও মা ছালেহা বেগম দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে থানায় যান। পরে নিহতের বড় ভাই সাইফুর রহমান (৩৮) তার মা ছালেহা বেগমকে সঙ্গে নিয়ে কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে অপমৃত্যুর সংবাদ দেন।
এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার পর নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।












