কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, পেয়েও হারালেন একজন

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১০, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

চারিদিকে নির্বাচনি ডামাডোল। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট। এ ডামাডোলের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি চলছে নির্বাচন কমিশনে (ইসি)। শুনানির প্রথমদিনে শনিবার (১০ জানুয়ারি) ৭০টি আপিল আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। এর মধ্যে ৫২টি আপিল আবেদন মঞ্জুর, ১৫টি না-মঞ্জুর এবং তিনটি বিবেচনাধীন (পেন্ডিং) রাখা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির শুনানিতে প্রার্থী ও তাদের সমর্থকরা অংশগ্রহণ করেন। শুনানিতে কোনো সম্ভব্য প্রার্থী তার প্রার্থিতা পেলে সেখানে আনন্দের পরিবেশ তৈরি হচ্ছিল। প্রার্থী ও তাদের সমর্থকদের উচ্ছ্বাস করতে দেখা গেছে। আর অবৈধ ঘোষিত মনোনয়নপত্র পুনরায় বিবেচনায় নিয়ে বৈধ ঘোষণা না করলে সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের প্রস্তাবক-সমর্থকরা মন খারাপ করছিলেন। কোনো কোনো প্রার্থী শুনানিতে কেঁদেও ফেলেন। এমন পরিবেশ তৈরি হলে নির্বাচন কমিশন থেকে বলা হয়, এটা আবেগের নয়, তথ্যপ্রমাণের ব্যাপার।

এর আগে মনোনয়নপত্র বাছাইকালে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ও ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। মঞ্জুরকৃত ৫২টি আবেদনের মধ্যে বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৫১টি। অর্থাৎ, আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাছাইয়ে বাদপড়া ৫১ জন প্রার্থী। বাকি একটি আপিল মঞ্জুর হয়েছে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। ব্রাক্ষ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়েছে।