কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসে বাংলাদেশিদের স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১১, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের বৈশ্বিক ব্র্যান্ডিং ও প্রভাব বৃদ্ধিতে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) বাংলাদেশের পরিবর্তে তাদের বসবাসের দেশে রাজনীতিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। যদি আমরা বৈশ্বিকভাবে প্রভাবশালী হতে চাই, তাহলে এটি আমাদের জন্য উপযুক্ত পথ।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ডিং বিষয়ক প্রবাসী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “যখন এনআরবিরা তাদের বসবাসের দেশগুলোর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, তখন তা বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ গড়ে তোলে।”

ভারতীয় প্রবাসীদের উদাহরণ দিয়ে তৌহিদ বলেন, “ভারতীয়রা বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক সংস্থায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, গুরুত্বপূর্ণ পদে থেকে বৈশ্বিক প্রভাব অর্জন করেছেন। ভারতীয়রা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রভাবশালী অবস্থান তৈরি করেছেন, যা বাংলাদেশি এনআরবিদেরও লক্ষ্য হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আপনারা কি কখনো কোনো দেশের মানুষকে বিদেশি বিমানবন্দরে কারও বিরুদ্ধে স্লোগান দিতে দেখেছেন? এ ধরনের কাজ দেশের ব্র্যান্ডিং ও ইমেজ ক্ষতিগ্রস্ত করে। আপনি কখনো ভারতীয়দের এ ধরনের কাজ করতে দেখবেন না। কেন ভারতীয়রা বিদেশে বিভিন্ন সুবিধা পান, আর আমরা পাই না? কারণ আমরা স্থানীয় রাজনীতিতে কম সক্রিয়।”

তিনি আরো বলেন, “আমাদের ইতিবাচক ইমেজ বাড়াতে হবে। শান্তিরক্ষীরা আফ্রিকায় একটি শক্তিশালী ইমেজ তৈরি করেছে। এগুলো ইতিবাচক ইমেজ। অন্যদিকে, যখন আমরা (অবৈধভাবে) ভূমধ্যসাগরে পাড় হই, তখন আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।”

“নির্বাচনী রোডম্যাপ শিগগির আসছে” উল্লেখ করে তিনি বলেন, “বিদেশি বিনিয়োগের বিষয়ে আশা প্রকাশ করছি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করবেন এবং বিনিয়োগ আসবে।”