কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টা ঘোষিত সময় ধরে নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সচিব

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৪, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা বলেছেন, এবং সে অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিচ্ছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

এদিন ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা নির্বাচন কমিশন সচিবের সঙ্গে কারিগরি সহায়তার বিষয়ে বৈঠকও করেন।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, ইউএনডিপির সহযোগিতা মূলত কারিগরি ক্ষেত্রে। এতে হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা তৈরির বিষয় এবং যোগাযোগ উন্নয়নের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

নির্বাচনের সময়সূচি সম্পর্কে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করলে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন “আনুষ্ঠানিকভাবে অবগত নয়”। তিনি আরও জানান, “আমার মতামত দেওয়ার সুযোগ নেই, কারণ আমি এ ব্যাপারে কিছু জানি না। আমাদের প্রস্তুতি হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয়ের যে উইন্ডো দিয়েছেন, সে উইন্ডো নিয়ে কাজ করছি।”

সার্বিক প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, “কমিশন থেকে ধারাবাহিকভাবে বলা হচ্ছে যে, মাননীয় সিইসি ও অন্যান্য কমিশনাররা বলেছেন, প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডো দিয়েছেন, আমরা সে উইন্ডো নিয়ে কাজ করছি।”