ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে নিরাপত্তা ও সালাম দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সাত জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।
নবীনগর সার্কেল পুলিশ সূত্র জানায়, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে নিরাপত্তা ও গার্ড অফ অনার দিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল গাড়িতে রওনা হয়।
ভেলানগর এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে জমিতে উল্টে পড়ে। দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হন।
আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।গুরুতর আহত জুয়েল মিয়া ও শরিফকে উন্নত চিকিৎসার জন্য সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, জুম্মা নামাজের পর বাঞ্ছারামপুর হাসপাতালে চিকিৎসারত পুলিশ সদস্যদের খোঁজ-খবর নিতে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ছুটে যান। কর্তব্যরত চিকিৎসকদের যথাসম্ভব উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন।











