কুমিল্লারবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্যারোলে মুক্তি, পায়ে ডান্ডাবেড়ি—বাবার জানাজায় কারাবন্দী ছাত্রলীগ নেতা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির নলছিটি উপজেলায় বাবার জানাজায় অংশ নিতে সাময়িকভাবে প্যারোলে মুক্তি পান নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ–এর এক নেতা। তবে পুরো সময়ই তিনি পুলিশি পাহারায় ছিলেন এবং পায়ে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় জানাজায় অংশ নেন।

রাকিবুল ইসলাম জোমাদ্দর (২৫) সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক মাস ধরে তিনি কারাগারে ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর বাবা মোশাররফ জোমাদ্দরের মৃত্যু হলে পরিবার প্রশাসনের কাছে প্যারোলের আবেদন করে। প্রয়োজনীয় অনুমোদন শেষে স্বল্প সময়ের জন্য তাঁকে মুক্তি দেওয়া হয়।

বিকেলে উপজেলার কামদেবপুর গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। স্বজনদের আহাজারির মধ্যে রাকিবুল সেখানে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁর পায়ে ডান্ডাবেড়ি ছিল, তবে হাতে হ্যান্ডকাফ পরানো হয়নি। জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময় শেষে রাতেই পুলিশি নিরাপত্তায় তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বলেন, প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোল দেওয়া হয়েছিল। কারাগার থেকে যেভাবে আসামিকে গ্রহণ করা হয়, একই অবস্থায় তাঁকে ফেরত দিতে হয়—তাই ডান্ডাবেড়ি খোলা হয়নি।

উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার এ ঘটনাকে আবেগঘন উল্লেখ করে রাকিবুলের মুক্তির দাবি জানান।