সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে এক কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাঁসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অপর আসামি জাতীয় পার্টির আরেক নেতা ও কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।
আক্তার হোসেন জানান, আসামি মো. মশিউর রহমান রাঙ্গাঁ পাবলিক সার্ভেন্ট হিসেবে সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে বহাল থাকাবস্থায় এবং ব্যবসায়িক সম্পর্ক না থাকা সত্ত্বেও আসামি পনির উদ্দিন আহমেদকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সুযোগ তৈরি করে দিয়ে এক কোটি ৭০ লাখ টাকা ঘুষ হিসেবে প্রদান/গ্রহণ করেন।আসামিরা পারস্পরিক যোগসাজশে অন্যায়ভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে ওই টাকা স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর, লেনদেনের অপরাধে দণ্ডবিধির ১৬১/১৬৫/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে কমিশন থেকে আজ মো. মশিউর রহমান রাঙ্গাঁর সম্পদের যাচাইয়ের নিমিত্ত দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মতে তার নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।












