পাকিস্তান সুপার লিগে খেলোয়াড়দের নিরাপত্তা প্রোটোকল ভঙ্গের অভিযোগে আলোচিত ঘটনাকে ঘিরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে তারা বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করেছে।
দলটির দাবি, হোটেলে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও গণমাধ্যমে তা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
ঘটনার সূত্রপাত জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার পরিচিতজনদের টিম হোটেলে আগমনকে কেন্দ্র করে। এ বিষয়ে রাজা নিজেই দায় স্বীকার করে জানিয়েছেন, অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির কোনো দায় নেই। তার অনুরোধেই আফ্রিদি অতিথিদের নিচ থেকে নিয়ে আসেন বলে তিনি উল্লেখ করেন।
তবে শৃঙ্খলা বজায় রাখতে লাহোর কালান্দার্স অধিনায়ক আফ্রিদিকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত প্রতিবেদন পাকিস্তান ক্রিকেট বোর্ডে পাঠানো হয়েছে।
সূত্র মতে, অনুমোদন ছাড়া কয়েকজন দর্শনার্থী খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে হোটেলে এলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এরপরও নিয়ম অমান্য করে তাদের কক্ষে নেওয়ার অভিযোগ ওঠে। যদিও সংশ্লিষ্টরা দাবি করেছেন, এটি ভুল বোঝাবুঝির ফল এবং দীর্ঘ সময় অবস্থান করা হয়নি।
ফ্র্যাঞ্চাইজিটি নিরাপত্তাকর্মীদের ভূয়সী প্রশংসা করে জানিয়েছে, খেলোয়াড় ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ঘটনাটি নিয়ে অতিরিক্ত প্রচারণায়ও অসন্তোষ প্রকাশ করেছে দলটি।
চলমান আসরে শাহিন আফ্রিদির নেতৃত্বে লাহোর কালান্দার্স দুই ম্যাচে এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।












