ডেস্ক রিপোর্ট:
প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান নিয়ে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পেতে শুরু করবেন।
প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, “আপনাদের পাসপোর্টে সমস্যা হচ্ছে, আমরা জানি। এমআরপি পাসপোর্টের বিষয়ে। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন, তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।”
এছাড়া পাসপোর্ট প্রাপ্তিতে সৌদি আরব ও মালয়েশিয়াকে অগ্রাধিকার দেয়ার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, “প্রথম অগ্রাধিকার দেয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ায়। এরপর যেসব দেশে চাহিদা বেশি, সেখানে অগ্রাধিকার দেয়া হবে। এই সমস্যার সমাধান তিন থেকে চার সপ্তাহের মধ্যে হবে। এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, ইনশাআল্লাহ আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর হবে না।”
পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন আসিফ নজরুল। তিনি বলেন, “এই সমস্যা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেই সময়ের মন্ত্রী পাসপোর্ট ছাপানোর কাজটি অনিয়মতান্ত্রিকভাবে তাঁর পরিচিত একটি কোম্পানিকে দেয়ার চেষ্টা করেছিলেন। এই প্রক্রিয়া বাতিল করতে গিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়েছে। দ্রুত কার্যক্রম শুরু করার জন্য সময় লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ ১৫ ডিসেম্বর থেকে আপনি পাসপোর্ট পেতে শুরু করবেন।”
এছাড়া, পাসপোর্টের জন্য সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম সংকট চলছে। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে এই সংকট আরও প্রকট হয়ে উঠেছে। সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় ভিসা নবায়ন বন্ধ, জরুরি কাজে দেশে ফিরে আসা এবং নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।












