কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাগলা মসজিদের এবার পাওয়া গেলো রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৩, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার রেকর্ড পরিমাণ ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গেছে। এছাড়াও দানবাক্সে দেশি টাকার পাশাপাশি স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রাও ছিল। শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ধরে টাকা গণনার কাজ চলে।

পাগলা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে মসজিদের ১১টি দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাদের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তায় দানবাক্সগুলো খোলা হয় এবং টাকা গণনার জন্য মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়।

গত বছর ৩০ নভেম্বর দানবাক্সগুলো শেষবারের মতো খোলা হয়েছিল। তখন ১১টি বাক্স থেকে ২৯ বস্তা টাকা পাওয়া যায়, যা গণনা করে সর্বোচ্চ ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা ছিল। এবার ৪ মাস ১১ দিন পর দানবাক্স খোলা হয়েছে, যেখানে রমজান ও ঈদুল ফিতরের কারণে দানের পরিমাণ বেড়েছে।

দানবাক্স খোলার সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী উপস্থিত ছিলেন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা প্রদান করেন। টাকা গণনা শেষ না হওয়া পর্যন্ত মসজিদে কঠোর নিরাপত্তা বলয় বজায় রাখা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জেসমিন আক্তারের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গণনা কাজ তদারকি করছেন। এছাড়া দুটি মাদ্রাসার প্রায় ২৫০ শিক্ষার্থী, ব্যাংকের ৭০ কর্মী, মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় সাড়ে ৪০০ জন এই গণনায় অংশ নিয়েছেন।