কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান ম্যাচ বয়কট করায় আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তের পরপরই এই অবস্থান নেয় পাকিস্তান। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনার পর বাংলাদেশ তাদের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার অনুরোধ করেছিল। পাকিস্তান সেই দাবিকে সমর্থন দিলেও আইসিসি তা নাকচ করে দেয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।


আইসিসির সেই সিদ্ধান্তের এক সপ্তাহ পর ভারতের বিপক্ষে খেলতে অনীহা প্রকাশ করল পাকিস্তান। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে, শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তের জন্য আইসিসির উচিত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, যাতে ভবিষ্যতে অন্য কোনো দল এমন পদক্ষেপ নিতে না পারে।


ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন, ‘আপনি যদি একেবারে শেষ মুহূর্তে সরে দাঁড়ান, সেটি বড় ইস্যু। আগেভাগে সরে দাঁড়ালে সেটা ভিন্ন বিষয়। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে যদি এমন করেন, তাহলে অবশ্যই আইসিসির হস্তক্ষেপ করা উচিত। কী ধরনের ব্যবস্থা নেয়া হবে জানি না, তবে এমন কিছু হওয়া দরকার যাতে ভবিষ্যতে আর কোনো দল এমনটা ভাবতেও না পারে।’


গাভাস্কার আরও বলেন, পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে আইসিসি আইনি পদক্ষেপও নিতে পারে। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি হয়তো পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। এর ফল কী হবে বলা কঠিন, তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে আইসিসি যে খুবই অসন্তুষ্ট হবে, তা নিশ্চিত।’


টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস। রোববারই যখন এ ঘোষণা আসে, তখন বুলাওয়েতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের সুপার সিক্স ম্যাচে ভারতের মুখোমুখি ছিল পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল। সেই ম্যাচে ৫৮ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাকিস্তান।