মস্কো মধ্যপ্রাচ্যজুড়ে শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতা করার ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রতিবেদন অনুসারে, রোববার (১২ এপ্রিল) এক ফোনকলের মাধ্যমে এই বার্তাটি দেয়া হয়, যখন বিশ্ব শক্তিগুলোর কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক উত্তেজনাও বেড়ে চলেছে।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, পুতিন এই অঞ্চলে চলমান সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে সহায়তা করতে রাশিয়ার প্রস্তুতির ওপর জোর দিয়েছেন।
বিবৃতিতে, উত্তেজনা হ্রাস এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা এগিয়ে নেয়ার প্রচেষ্টায় মস্কোর ভূমিকাকে একটি ‘সম্ভাব্য মধ্যস্থতাকারী’ হিসেবে তুলে ধরা হয়েছে।
ক্রেমলিন আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ‘ন্যায্য ও স্থায়ী শান্তি’ অর্জনের লক্ষ্যে বৃহত্তর উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পুতিন।
এই উদ্যোগ এমন এক সময়ে নেয়া হয়েছে যখন একাধিক কূটনৈতিক পথ সক্রিয় রয়েছে এবং আন্তর্জাতিক পক্ষগুলো চলমান আঞ্চলিক সংঘাত থেকে সৃষ্ট প্রভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
রয়া নিউজ বলছে, পেজেশকিয়ানকে পুতিনের এই ফোনকল মধ্যপ্রাচ্যের সংকটগুলোতে নিজেকে একটি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাশিয়ার অব্যাহত প্রচেষ্টাকেই তুলে ধরে। বিশেষ করে যখন প্রতিদ্বন্দ্বী বৈশ্বিক শক্তিগুলো সমান্তরাল আলোচনা প্রচেষ্টায় তাদের সম্পৃক্ততা বাড়াচ্ছে।
এদিকে শান্তি আলোচনা ‘ব্যর্থ’ হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল পাকিস্তান ছেড়েছে বলে জানা গেছে।
রোববার (১২ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ প্রতিনিধিদলটি তেহরানের উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ত্যাগ করে।
শান্তি আলোচনায় দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদ ত্যাগ করার কয়েক ঘণ্টা পর ইরানি প্রতিনিধিদের ইসলামাবাদ ছাড়ার খবর পাওয়া যায়।
এর আগে ইরানের সাথে কোনো শান্তিচুক্তি না হওয়ায় রোববার (১২ এপ্রিল) সকালে এয়ারফোর্স টু উড়োজাহাজে করে পাকিস্তানের ইসলামাবাদ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সময় আজ রোববার সকাল ৭টা ৮ মিনিটে (জিএমটি ২টা ০৮ মিনিট) ভ্যান্স ‘এয়ারফোর্স টু’ উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির ওপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান।
ইরানের সঙ্গে ম্যারাথন আলোচনার পর এক সংবাদ সম্মেলেনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি, এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর। তেহরান ওয়াশিংটনের প্রস্তব প্রত্যাখ্যান করেছে।’
যুক্তরাষ্ট্রের অভিযোগের পর ইরানি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পেরেছে। তবে এখনও ২–৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে।


কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।











