ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের করা চারটি হত্যা মামলাসহ মোট পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী–কে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয়টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।
পরবর্তীতে গত বছরের নভেম্বরে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন। এরপর নতুন করে ওই পাঁচ মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন–এর টানা তিন নির্বাচনে জয়লাভ করে মেয়র পদে দায়িত্ব পালন করেন তিনি।












