দীর্ঘ পাঁচ দশকের বিরতির পর আবারও মানুষকে চাঁদের পথে পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বহুল প্রতীক্ষিত আর্টেমিস-২ মিশনের জন্য নির্বাচিত চার নভোচারী ইতোমধ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছেন।
এই অভিযানে অংশ নিতে সম্প্রতি নভোচারীরা ফ্লোরিডায় পৌঁছেছেন। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী ১ এপ্রিলের মধ্যে তাদের বহনকারী স্পেস লঞ্চ সিস্টেম রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।
আর্টেমিস-২ মিশনে অংশ নিচ্ছেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। প্রায় ১০ দিনের এই অভিযানে তারা ওরিয়ন ক্রু ক্যাপসুলে চড়ে চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবেন।
নির্বাচিত চার নভোচারীর মধ্যে তিনজনেরই মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। রিড ওয়াইজম্যান ও ভিক্টর গ্লোভার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ সময় অবস্থান করেছেন। অন্যদিকে ক্রিস্টিনা কচ মহাকাশে নারীদের মধ্যে দীর্ঘতম সময় থাকার রেকর্ড গড়েছেন। জেরেমি হ্যানসেনের জন্য এটি হবে প্রথম মহাকাশযাত্রা।
নাসার এই মিশনকে ভবিষ্যতে চাঁদে মানব অবতরণ এবং আরও দূর মহাকাশ অভিযানের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।












