ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে আগুন লেগে অন্তত সাতজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) ভোরে তারাপীঠের চারতলা ওই হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। তখন অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল বিভাগের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এদিকে তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক ছিল কি না, সবরকম নিয়ম মানা হয়েছিল কি না, পুলিশ খতিয়ে দেখছে।
আবাসিকদের অনেকের অভিযোগ, পেছনের দিকের একটি দরজা বন্ধ ছিল। তাই তারা বেরোতে পারছিলেন না। সেই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।












