কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২১, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু জাফর খান ও উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী। তাদের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল।

বুধবার (২১ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে নিজ দপ্তরে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন তারা। এর আগে বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীরা প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছিল।

বুধবার সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা প্রশাসনিক ভবনের দোতলায় গিয়ে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নেমপ্লেট থেকে তাদের নাম মুছে দেন। অধ্যক্ষ ড. আবু জাফর খান নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা পদত্যাগ চেয়েছে, তাই পদত্যাগ করেছি। এর বেশি কিছু তিনি বলতে চাননি।

ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য-কখনো এই ফি, কখনো সেই ফি বলে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতেন এই অধ্যক্ষ-উপাধ্যক্ষ। চলতি বছরের ২৩ মে রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে দুদকের চেয়ারম্যান বরাবর অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ ৭ জনের দুর্নীতির বিষয়ে লিখিত অভিযোগ দেন কলেজের শিক্ষক ক্লাব ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইউনিটের সদস্যরা।

প্রসঙ্গত প্রফেসর ড. আবু জাফর খান ভিক্টোরিয়ার গণিত বিভাগের প্রধান ও উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। গত ২০২১ সালের ০৮ আগস্ট অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।