কুমিল্লাশুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষা: ৩৮ প্রার্থীর কেউ জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে পারেনি

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চারটি ইউনিয়নে শূন্য গ্রামপুলিশ (মহল্লাদার) পদে নিয়োগ বাছাই পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। পরীক্ষার মেধা যাচাই অংশে জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, তেঁতুলিয়া, তিরনইহাট, শালবাহান ও দেবনগর ইউনিয়নের পাঁচটি মহল্লাদার পদে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। এরপর নিয়োগ কমিটির নির্দেশে ১৫ মিনিটে জাতীয় সংগীত লিখতে বলা হয়। তবে নির্ধারিত সময়ে কোনো প্রার্থীই জাতীয় সংগীতের সঠিক লিপি লিখতে পারেনি।

স্থানীয় সচেতন মহল বলছে, গ্রামপুলিশের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিতদের ন্যূনতম শিক্ষাগত ও সাধারণ জ্ঞানের মান থাকা জরুরি। অন্যদিকে, মেধা যাচাইয়ের ভিত্তিতে পরীক্ষা নেওয়ায় নিয়োগ বোর্ডের পদ্ধতিকে প্রশংসা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিয়োগ কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু বলেন, “জাতীয় সংগীতের মতো মৌলিক বিষয়ে প্রার্থীদের এমন অজ্ঞতা আমাদের হতবাক করেছে। চাকরিতে নিয়োগের জন্য সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা অত্যাবশ্যক।”

উপজেলা প্রশাসন জানায়, প্রার্থীরা উত্তীর্ণ না হওয়ায় পরবর্তীতে পুনরায় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে।