নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেছে পুলিশ। জব্দ করা মাছের পরিমাণ প্রায় ৩৫ মন।
বুধবার রাত ১১টার দিকে লক্ষ্মীপুর থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় পুলিশ। এ সময় বাসের ভেতর থেকে অবৈধভাবে পরিবহন করা বিপুল পরিমাণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় মাছের কোনো দাবিদার পাওয়া যায়নি।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের নির্দেশে ও মানবিক বিবেচনায় জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকার ঘোষিত আইন অনুযায়ী জাটকা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে জাটকা ধরা, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
জাটকা সংরক্ষণে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।











