ডেস্ক রিপোর্ট:
দক্ষিণ এশিয়ার দেশ নেপালে শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের কম্পন চীন, তিব্বত, ভুটান, ভারত এবং বাংলাদেশেও অনুভূত হয়েছে বলে জানিয়েছেন সিসমোলজিস্টরা। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং আশপাশের এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে এবং মাকওয়ানপুর জেলাগুলোতেও ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে।
ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল চীনের সীমান্তবর্তী শিগাতসে এলাকা থেকে প্রায় ৯৪ কিলোমিটার দূরে এবং কাঠমান্ডু থেকে প্রায় ২০১ কিলোমিটার উত্তর-পূর্বে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১ এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি অঞ্চলজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়েছে।
তিব্বত, নেপাল, ভারত, ভুটান এবং বাংলাদেশের কিছু অংশে অনেকেই ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন। সামাজিকমাধ্যমে ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করে মানুষজন আতঙ্ক প্রকাশ করেছেন।
বর্তমানে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।












