কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১১, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন। তিনি বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চাই। তবে দেশের অর্থনৈতিক অবস্থা যেমন ভেঙে পড়েছে, তেমনি রাজনৈতিক অবস্থাও খুবই নাজুক। আমরা সংস্কার চাই না—এমন ধারণা ভুল। আমরা সংস্কারও চাই, আবার দ্রুত নির্বাচনও চাই। কারণ, সঠিকভাবে নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে।”

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, “ভয়ংকর দানবের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন আমাদের নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্ন যেন নষ্ট না হয়, সে জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। গত ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যদিও আমাদের ঐক্যে ফাটল ধরানোর অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সফল হতে পারেনি। আমরা ধৈর্য ধরে এগিয়ে যাব এবং কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না।”

বিএনপির মহাসচিব আরও বলেন, “গত ১৬ বছরে আমাদের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। প্রায় ৭০০ জনকে গুম করা হয়েছে এবং ২০ হাজারের মতো নেতাকর্মী নিহত হয়েছেন। এখন আমাদের লক্ষ্য জাতীয় ঐক্য সরকার গঠন করা। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের স্বপ্ন পূরণ করতে হবে।”

উল্লেখ্য, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মজিবুর রহমান মঞ্জুকে পার্টির চেয়ারম্যান এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।