কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে পঁচা শামুকে পা কাটলে কিয়ামত পর্যন্ত পস্তাতে হবে: মনির চৌধুরী

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, ১২ তারিখের নির্বাচনে পঁচা শামুকে পা কাটলে, কিয়ামত পর্যন্ত পস্তাতে হবে। কুমিল্লার উন্নয়ন করতে হলে আমাকে একবার সুযোগ দিন।

বুধবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩ নং দুর্গাপুর ইউনিয়নে যুবদল নেতা হাজী আনোয়ারুল হকের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা শহর আজ নানা সমস্যায় জর্জরিত। নাগরিক দুর্ভোগ দিন দিন বাড়ছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, পদুয়ার বাজার বিশ্বরোডে ওভারপাসসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হবে। কুমিল্লাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তরের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে ধানের শীষের পক্ষে টানা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মনিরুল হক চৌধুরী। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত এলাকায় এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, মতবিনিময় ও উঠান বৈঠকের মাধ্যমে নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি। বুধবার সারাদিনের ধারাবাহিক গণসংযোগ শেষে সন্ধ্যায় দুর্গাপুর ইউনিয়নের এই জনসমাবেশে অংশ নেন তিনি। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।