কুমিল্লাশুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থী নিহত, আহত ১৫

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২০, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলবাস খাদে পড়ে কানিজ ফাতেমা ছোঁয়া (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বাস চালকের সহকারী ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে সদরের শাখারিয়া ইউনিয়নের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কানিজ ফাতেমা ছোঁয়া বগুড়া শহরের বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও খামারকান্দি পশ্চিম পাড়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক অরূপ রতন জানান, বিকেল পৌনে ৫টার দিকে স্কুল ছুটির পর পীরগাছা ও সাবগ্রামগামী শিক্ষার্থীদের নিয়ে বাসটি রওনা হয়। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াজেদ আলী ও সদর থানার ওসি ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান আহত শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন।

সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।