নারায়ণগঞ্জের Rupganj Upazila–এ বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামা শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় লাঠিচার্জ ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মইকুলি এলাকায় অবস্থিত বি-ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামের একটি পোশাক কারখানার সামনে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনার উদ্যোগ নেয়। তবে সমঝোতা না হওয়ায় অবরোধ অব্যাহত থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরের দিকে পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।










