কুমিল্লাবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৯, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো ও বাস কাউন্টার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি বাস কাউন্টার ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে বনপাড়া বাসস্ট্যান্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়া এক পক্ষ জেলা বিএনপির সদস্য লুৎফর রহমান এবং অপর পক্ষ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজুর অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, বনপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো এবং বাস কাউন্টার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বুধবার দুপুরে ওই বিরোধের জেরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি কাউন্টার ভাঙচুর করা হয়। এ ছাড়া ঘটনাস্থলে থাকা পাঁচটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বনপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিআরটিসি ও বেসরকারি বাস শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।