রানের বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার খবরে দেশটির হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। আহতের সংখ্যা চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব ঘটনার বিস্তারিত কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি’র বরাতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘অপরাধী শত্রু আবারও সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং চলমান আলোচনার সময় আমাদের প্রিয় মাতৃভূমির ওপর হামলা চালিয়েছে।’
বিবৃতিতে দেশজুড়ে গভর্নরদের পূর্বের নির্দেশনা স্মরণ করিয়ে দিতে এবং প্রদেশগুলোর পরিস্থিতি সম্পর্কে দ্রুত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি জনগণের জরুরি প্রয়োজন মোকাবিলায় সব ধরনের সুবিধা ও সম্পদের সমন্বিত ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইরানের আলোচনা ফলপ্রসূ না হওয়ার পরই সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা বৃদ্ধি পায়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটির ছাড়তে নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। তখনই হামলার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যায়।












