গামী ১২ মার্চ বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিদায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগের কারণে এবার নতুন স্পিকার নির্বাচনের প্রক্রিয়াটি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে সম্পন্ন হবে। এদিকে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে, বিএনপির প্রবীণ নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব দেওয়া হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভাসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রবীণ নেতা ড. আবদুল মঈন খান এখনো সরকারের বাইরে আছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। প্রবীণ এ নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হয়, তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে জনমনে। আলোচনা ছড়িয়ে পড়েছে ড. মঈন খানকে সংসদের স্পিকার নির্বাচিত করা হতে পারে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিষ্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।


.











