নতুন মন্ত্রিসভার সদস্যদের আবাসনের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ২৭টি সরকারি বাসভবন প্রস্তুত করছে গণপূর্ত অধিদপ্তর। মিন্টো রোড, হেয়ার রোড, বেইলি রোড ও গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এসব বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং করা এবং প্রয়োজনীয় সংস্কারের কাজ চলছে।
পাশাপাশি আসবাবপত্রসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধাও নিশ্চিত করা হচ্ছে। মন্ত্রীদের নামে আনুষ্ঠানিক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর তাঁদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত মেরামত ও সাজসজ্জার ব্যবস্থা করা হবে।
অন্যদিকে, মন্ত্রীদের দাপ্তরিক ব্যবহারের জন্য ৫০টি গাড়ি ও প্রয়োজনীয় সংখ্যক চালক প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পরিবহন পুল সূত্র।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ইতোমধ্যে ২৭টি বাসভবন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেগুলো বসবাসের উপযোগী করে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে।
নতুন করে যেসব বাসা হস্তান্তর করা হবে, সেগুলোরও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা হবে। সরকারি আবাসন পরিদপ্তরের মাধ্যমে এসব বাসা বরাদ্দ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।












