কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন ধর্মমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও রোজা কবে থেকে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব সন্ধ্যা ৬টায় এ সভা বসবে।

চাঁদ দেখা গেলে আজ থেকেই তারাবি নামাজ আদায় শুরু হবে। ছবি: সংগৃহীত

চাঁদ দেখা গেলে আজ থেকেই তারাবি নামাজ আদায় শুরু হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি প্রধান অতিথি হিসেবেও উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সভা শেষে আনুষ্ঠানিকভাবে রোজা শুরুর ঘোষণা দেওয়া হবে।

এরই মধ্যে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা জেলার সম্ভাব্য সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে। তবে প্রথম রোজা চাঁদ দেখার ওপরই নির্ভরশীল বলে জানানো হয়েছে।

চাঁদ দেখা গেলে সেদিন থেকেই তারাবি নামাজ আদায় শুরু হবে এবং পরদিন ভোরে সেহরি খেয়ে প্রথম রোজা রাখা হবে। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করে পরদিন থেকে রমজান মাস গণনা শুরু হবে।