কুমিল্লারবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: সন্দেহভাজন ট্রাকচালক গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে জ্বালানি তেল নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশনের এক ব্যবস্থাপক নিহতের ঘটনায় সন্দেহভাজন ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে সুজাত আলী নামে ওই ট্রাকচালককে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৬ যশোরের অধিনায়ক এ টি এম ফজলে রাব্বি। একই ঘটনায় জড়িত আরেক ব্যক্তি জহুরকে ধরতে অভিযান চলছে।

তদন্ত সূত্রে জানা যায়, নড়াইল-যশোর মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে ডিজেল নিতে গিয়ে মজুদ না থাকায় ব্যবস্থাপক নাহিদ সরদারের সঙ্গে ট্রাকচালকের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে তাকে হুমকিও দেওয়া হয়।

পরে রাতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে থাকা নাহিদ ও তার সহকর্মীকে লক্ষ্য করে দ্রুতগতির একটি ট্রাক আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং আহত সহকর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে পূর্বের কোনো বিরোধ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে নড়াইলে একদিনের জন্য জেলার ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাম্প মালিক সমিতি।

.