কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ধুমকেতু এক্সপ্রেসের’ বগিতে আগুন

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১২, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে ‘ধুমকেতু এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ‘ছ’ বগিটির চাকার কিছু অংশ।

জানা গেছে, ‘ধুমকেতু এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছাড়ার কথা ছিল রাত ১১টা ২০ মিনিটে। কিন্তু রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। পথে আড়ানী স্টেশনে রেলওয়ের কর্মী ও যাত্রীরা আগুন দেখে লোকোমাস্টারকে জানান। এ সময় লোকোমাস্টার ট্রেনটি থামিয়ে দেন।

খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনটির ‘ছ’ বগিটির চাকার কাছে আগুন লাগার কারণে ভেতরে কোনো ক্ষতি হয়নি। তবে চাকার ব্রেক প্যাডের আশপাশের অংশে ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. রহমত বলেন, ‘ছ’ বগিটির চাকা আটকে গিয়ে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন ভেতরে যায়নি। আমাদের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরে রাত ১টার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে আড়ানী থেকে ছেড়ে যায়।’