ডেস্ক রিপোর্ট:
ইতালির সরকার সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেখানে যৌন অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের রাসায়নিক প্রয়োগের মাধ্যমে নপুংসক করার মতো আইনকে বৈধ ঘোষণা দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশেও যৌন অপরাধ মোকাবিলায় অনুরূপ কঠোর আইন প্রণয়ন করার।
প্রীতি জিনতা সম্প্রতি এক টুইটবার্তায় উল্লেখ করেন, “কী দুর্দান্ত পদক্ষেপ! আশা করি ভারত সরকারও এমন কিছু করবে। আপনারা কী মনে করেন, বন্ধুরা? এ ধরনের অপরাধের জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণের এখনই সময়।”
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী প্রশাসন এই আইনের প্রস্তাব অনুমোদন করেছে। জানা গেছে, মেলোনির নেতৃত্বাধীন সরকার ২০২২ সালে ক্ষমতায় আসার পর থেকে আইনশৃঙ্খলা কঠোর করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় যৌন অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর করতে এই আইন প্রণয়ন করা হচ্ছে।
এই প্রসঙ্গে অনেকেই প্রীতির টুইটে মন্তব্য করেছেন। কেউ বলেছেন, “অবশ্যই, ধর্ষকদের কঠোর শাস্তি প্রাপ্য। তবে ভুয়া অভিযোগের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে?” আবার কেউ বলেছেন, “ধর্ষণের শাস্তি কখনোই সাত বছরের কারাদণ্ড হওয়া উচিত নয়।”
এদিকে, ভারতে এমন কঠোর আইন প্রণয়নের দাবিও উঠেছে। সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীদের একটি সংগঠন এক মামলায় সুপ্রিম কোর্টে আবেদন করেছে, যাতে যৌন অপরাধে অভিযুক্তদের নপুংসক করার প্রস্তাব রাখা হয়েছে। এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতিরা কেন্দ্রের মতামত জানতে চেয়েছেন।
প্রীতি জিনতা অভিনয়ে ফিরছেন দীর্ঘ সময় পর। রাজকুমার সন্তোষী পরিচালিত “লাহোর ১৯৪৭” সিনেমায় তাকে দেখা যাবে। সানি দেওল ও আমির খানের প্রোডাকশনের যৌথ উদ্যোগে নির্মিত এই ছবিতে শাবানা আজমি ও আলি ফজলও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।












