এবার কঠিন পথে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় ম্যাচ খেলতে ক্রিকেটাররা মাঠে না গেলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক আমজাদ হোসেন।
পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ঘিরে বেসামাল দেশের ক্রিকেটপাড়া। ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে করেছে ক্রিকেটারদের সংগঠন— কোয়াব। নাজমুল ইসলাম পদত্যাগ না করলে তারা বিপিএলসহ কোনো ম্যাচ খেলবে না বলে আগের দিনই আল্টিমেটাম দিয়েছিল। সে অনুযায়ী, দিনের প্রথম ম্যাচে খেলতে নামেনি তারা। তবে উত্তপ্ত পরিস্থিতি সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বিসিবি। ইতোমধ্যে ফিনান্স কমিটির দায়িত্বসহ বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে নাজমুল ইসলামকে। ইতোমধ্যে এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
তবে ক্রিকেটারদের দাবি, পরিচালক পদ থেকেই নাজমুলকে ইসলামকে পদত্যাগ করতে হবে। যার জন্য অবশ্য ৪৮ ঘণ্টার সময় চেয়েছে বিসিবি। তবে ক্রিকেটাররা শর্ত জুড়ে দিয়েছেন। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, ‘ (বোর্ডের সঙ্গে) আলোচনা করার পরে আমাদের প্রশ্নটা হচ্ছে ৪৮ ঘণ্টা পরে যদি উনি এখান থেকে পদত্যাগ না করেন, তারপরেও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে। উনারা এখন অনুরোধ করতেছে আমাদের খেলতে। আমাদের প্রতিবাদ স্বরূপ প্রথম ম্যাচ আমরা বাদ দিলাম। দ্বিতীয় ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই তারা ৪৮ ঘণ্টা যে সময় চেয়েছে। ৪৮ ঘণ্টা পর যদি উনাকে না সরানো হয় তাহলে আল্টিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে।’
তিনি যোগ করেন, ‘আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে উনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে; ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে। যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে তখন তাদের উপর কোনো দায়ভার থাকবে না এবং সেটার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নেবে। এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি। এটা যদি বিসিবি থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে। আমরা এটা নিয়ে তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছি, কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা পাইনি।’
এদিকে পাল্টা আল্টিমেটাম দিয়ে রাখলো ক্রিকেট বোর্ড। দ্বিতীয় ম্যাচ খেলতে যদি ক্রিকেটাররা মাঠে না যায়, তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক ও ফিনান্স কমিটির ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন। তাতে অনিশ্চয়তায় পড়লো বিপিএলের চলতি আসর।












