কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী আটক

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

দেশ ছেড়ে পালানো চেষ্টাকালে আটক হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অভিযোগ রয়েছে, তিনি ট্রেনে করে দেশত্যাগের চেষ্টা করছিলেন। তবে কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল তা স্পষ্ট নয়।

গত বছর দুর্নীতির অভিযোগে সরকার থেকে অপসারণ করা হয় গালুশচেঙ্কোকে। অভিযোগ রয়েছে, প্রায় ১০ কোটি ডলারের অর্থ আত্মসাতের একটি বড় দুর্নীতি কেলেঙ্কারিতে তিনি জড়িত ছিলেন।

এই কেলেঙ্কারি ভলোদিমির জেলেনস্কি প্রশাসনের ওপর বড় চাপ সৃষ্টি করে। দুর্নীতির অভিযোগ ওঠার পর প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টা ও চিফ অব স্টাফ আন্দ্রিই ইয়েরমাক পদত্যাগ করেন। তবে প্রেসিডেন্ট বা ইয়েরমাকের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি।

ইউক্রেনের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো অব ইউক্রেন (নাবু) জানিয়েছে, সীমান্ত অতিক্রম করার সময় সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কিয়েভে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেডিও ফ্রি ইউরোপ।

তদন্তকারীরা জানিয়েছেন, ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি এনারগোঅ্যাটম-এর বিভিন্ন ঠিকাদারি কাজ থেকে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অর্থ বিদেশে পাচার করা হয়েছে, যার মধ্যে রাশিয়াও রয়েছে বলে দাবি করেছে নাবু।

দুর্নীতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক জ্বালানিমন্ত্রীর উত্তরসূরি স্বিতলানা হ্রিনচুকও পদত্যাগ করেন। এছাড়া সাবেক উপপ্রধানমন্ত্রী ওলেক্সি চেরনিশভ গ্রেপ্তার হন এবং ব্যবসায়ী তিমুর মিনদিচ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। মিনদিচ প্রেসিডেন্ট জেলেনস্কির সাবেক টিভি স্টুডিও কোয়ার্টাল ৯৫-এর সহ-মালিক ছিলেন।

বিশ্লেষকদের মতে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।