মালয়েশিয়া থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের মাটিতে পা রেখেছিলেন কামরুল ইসলাম (৩২)। কিন্তু বাড়ি ফেরার আনন্দ বিষাদে পরিণত হলো ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়ে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ব্যস্ততম গুলিস্তান জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
হাসপাতালে নেওয়ার পথে কামরুলের জ্ঞান সামান্য ফিরলে তিনি জানান, আজ সকালেই তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন, কিন্তু বাসের মধ্যেই তাকে কৌশলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুটে নেওয়া হয়। মালামাল ও লাগেজ হারিয়ে তিনি এখন নিঃস্ব।
বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক নিশ্চিত করেছেন যে, যুবকের কাছে থাকা পাসপোর্ট দেখে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এবং পাসপোর্টে থাকা নম্বরের সূত্র ধরে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
অজ্ঞান পার্টির কবল থেকে বাঁচতে অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।












