কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এ্যানি

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১০, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান- বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ভিডিও বার্তা দিচ্ছে, সেই অপশক্তি যদি দেশের গণতন্ত্রে আঘাত হানে, তাহলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে যেতে পারে। আপনারা নির্বাচন কমিশন সংস্কারের কাজ হাতে নিয়েছেন, এটি তিন মাসের (নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি) মধ্যে শেষ করার কথা। তাই দ্রুত সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আয়োজন করে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।”

লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে শনিবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ্যানি এ আহ্বান জানান।

এ্যানি আরও বলেন, “জনগণের চেতনা ও আবেগকে সম্মান করতে হবে, কারণ তারা মনে করে যে এখনই দেশে একটি নির্বাচনের প্রয়োজন। যদি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না হয়, তবে যেকোনো সময় ওই ষড়যন্ত্র আবারও আমাদের ওপর আঘাত হানতে পারে। এতে করে দেশের জনগণ আরেকটি বড় বিপদের মুখোমুখি হতে পারে।” তিনি আরও বলেন, সংস্কার কাজ সম্পন্ন করতে বেশি সময় না নিতে।

সভায় আরও বক্তব্য রাখেন- খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক রশিদুল হাসান লিঙ্কন, জেলা সেবকদলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুন রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

পরে পৌর শহরে এ্যানির বাসভবন থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়, যা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।