কুমিল্লারবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশজুড়ে বাড়ছে হাম, একাধিক জেলায় শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন জেলায় হামের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে, আর বাড়ছে শিশুমৃত্যুর সংখ্যাও।

স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে অন্তত ১০টি জেলায় হামের প্রকোপ ছড়িয়ে পড়েছে। টিকাদানে ঘাটতি, অপুষ্টি, শিশুকে পর্যাপ্ত বুকের দুধ না খাওয়ানো এবং কৃমিনাশক সেবনের অভাবকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১২ দিনে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানে কয়েক ডজন শিশু চিকিৎসাধীন রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে একাধিক শিশুকে ভর্তি করে আলাদা কর্নারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজশাহী অঞ্চলেও পরিস্থিতি উদ্বেগজনক। মার্চ মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একাধিক শিশুর মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় আক্রান্তের হার বাড়তে থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে।

ঢাকাসহ অন্যান্য জেলাতেও শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। সংক্রমণ বেশি এমন জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, নরসিংদী, গাজীপুর, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও চট্টগ্রাম।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় নতুন করে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচির ঘাটতি এবং মাঠপর্যায়ে কার্যক্রমের দুর্বলতার কারণেই এই প্রাদুর্ভাব তৈরি হয়েছে। দ্রুত টিকাদান বাড়ানো এবং সচেতনতা বৃদ্ধি না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তারা সতর্ক করেছেন।

.