ডেস্ক রিপোর্ট:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছি, এখন সময় এসেছে দেশ গঠনের। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার প্রয়োজন নয়, বরং মেধা দিয়ে পেশাদার খেলোয়াড়ও তৈরি করতে হবে।
বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট সদর উপজেলার শহিদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, আগামী দিনে মেধা দিয়ে ভালো পেশাদার খেলোয়াড় তৈরি করতে হবে এবং ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে। আর এটি করতে হলে আমাদের একটি শক্তিশালী পরিকল্পনা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, যদি বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসে, তবে আমরা দেশে এবং বিদেশে জনপ্রিয় এমন ৮-১০টি খেলা নির্বাচন করব। এরপর আমরা সেসব খেলার জন্য এ দেশের সন্তানদের মধ্যে থেকে ভালো খেলোয়াড় বেছে নিয়ে তাদের আন্তর্জাতিক মানে গড়ে তুলব, যাতে তারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে।
তারেক রহমান উল্লেখ করেন, আমাদের সমাজে একটি ধারণা রয়েছে যে পড়ালেখা করে ভালো ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে হবে। আমাদের সামাজিক গঠনই এমন; কিন্তু আমি মনে করি, একজন যদি খেলোয়াড় হিসেবে মেধাবী হন, তাহলে তাকে পেশাদার হিসেবে তৈরি করলে সে তার পরিবারকে সহায়তা করতে পারবে। আর যদি আমরা পেশাদার সাংস্কৃতিককর্মী তৈরি করি, তাও সমাজে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।
তিনি আরো বলেন, শহিদ জিয়া ক্ষমতায় আসার পর ‘নতুন কুড়ি’ নামক একটি অনুষ্ঠান চালু করেছিলেন, যার লক্ষ্য ছিল প্রতিভাবানদের খুঁজে বের করা। যদি বিএনপি আগামীতে সরকার গঠন করে, তাহলে আমরা সেই প্রতিভাবানদের বের করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানে গড়ে তুলব।
এ সময় তিনি দলের নেতাদের উদ্দেশে বলেন, আজ যা দেখেছেন, সেভাবে সারা দেশে এমন উদ্যোগ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।












