কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবীদ্বারে মায়ের সঙ্গে দাঁড়িয়ে চিপস খাচ্ছিল শিশু হাফেজ, ট্রাকচাপায় গেল প্রাণ

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১৪, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ইউছুফপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফেজ নামে মাত্র ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।

নিহত হাফেজ দেবীদ্বার উপজেলার মোগসাইর (এগারগ্রাম) গ্রামের ওমান প্রবাসী মো. আলী হোসেনের ছেলে। সে দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্র জানান, শুক্রবার সকালে মা’ কুলসুম বেগমের হাত ধরে মুরাদনগরের ঘোষঘর গ্রামে খালার বাড়ি যাওয়ার উদ্দেশে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল ছোট হাফেজ। মায়ের পাশে দাঁড়িয়েই চুপচাপ চিপস খাচ্ছিল সে। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাটি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুর্ঘটনার ঘটনায় নিহতের চাচা অটোরিকশা চালক মো. নবী হোসেন বাদী হয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মীরপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আনিসুর রহমান জানায়, ঘাতক ট্রাক ও শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।