কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে ২০১৪ ব্যাচের বন্ধুদের কাছ থেকে ১৪ লাখ টাকা উপহার পেলেন হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৩১, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ব্যতিক্রমী সমর্থন পেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তার নিজস্ব ২০১৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে নির্বাচনী সহায়তা হিসেবে তাকে ১৪ লাখ টাকা উপহার দেওয়া হয়েছে। শনিবার বিকেলে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত পূর্ণমিলনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অর্থ তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, দেশে ও প্রবাসে অবস্থানরত ২০১৪ ব্যাচের বন্ধুরা সম্মিলিতভাবে এই অর্থ সংগ্রহ করেন।

অনুষ্ঠানে ২০১৪ ব্যাচের বিপুলসংখ্যক বন্ধু ছাড়াও দেবিদ্বার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একই ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা বলেন, এই উদ্যোগ কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচি নয়; এটি মূলত বন্ধুত্ব, আস্থা ও ব্যক্তিগত বিশ্বাসের বহিঃপ্রকাশ।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজে কার্যকর ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবিদ্বারে স্বচ্ছতা, স্পষ্টতা ও জবাবদিহিতামূলক নেতৃত্ব প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য। সবাই আমার রাজনীতির সঙ্গে একমত নাও হতে পারেন। কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে আমি আপস করব না, এই নিশ্চয়তা আমি দিতে পারি।

দেবিদ্বারের মাটিতে তার বেড়ে ওঠার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষ, অবকাঠামো ও বাস্তবতা সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত খাতে ইতিবাচক পরিবর্তন আনতে দলমতের ঊর্ধ্বে উঠে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অতীতে তাকে ঘিরে সমালোচনা ও কটূক্তির প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, তাকে বলা হয়েছিল তিনি উল্লেখযোগ্য ভোটও পাবেন না, এমনকি তার বিরুদ্ধে জুতা মিছিলও হয়েছে। কিন্তু আমার বিশ্বাস ছিল রেয়াজ উদ্দিনের বন্ধুরা যদি পাশে দাঁড়ায়, তাহলে আলাদা করে কাউকে খুঁজতে হয় না।

রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৬৪ সাল থেকে শুরু করে সাম্প্রতিক ব্যাচগুলোর শিক্ষার্থীদের সমর্থনের কথাও উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

দেবিদ্বারকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, পরিবারতন্ত্র নয়, যোগ্যতা ও সততার ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচিত হওয়া উচিত। যার মধ্যে মেধা, দক্ষতা ও মানুষের সঙ্গে সংযোগ থাকবে, দেবিদ্বারের মানুষ তাকেই গ্রহণ করবে।