সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
দুর্নীতির অভিযোগ ওঠার প্রেক্ষাপটে স্বচ্ছতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। পরিবারের আর্থিক অবস্থা ব্যাখ্যা করে আসিফ মাহমুদ বলেন, তার বাবার পাঁচটি ব্যাংক হিসাবে বর্তমানে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা জমা রয়েছে। তবে ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন নেওয়া হয়েছে, যার কিস্তি নিয়মিত বেতন থেকে কাটা হচ্ছে। এখনো বকেয়া রয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। হিসাব অনুযায়ী, জমাকৃত অর্থ সমন্বয় করলে তার বাবা প্রায় ৮২ হাজার ৪৫ টাকা দেনায় রয়েছেন।
এ ছাড়া তার মায়ের হিসাবে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর হিসাবে রয়েছে ৬১৩ টাকা।
নিজের ব্যাংক হিসাব তুলে ধরে তিনি জানান, সোনালি ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ১৬ মাসের বেতন-ভাতা ও সরকারি সফরের টিএ-ডিএ ওই হিসাবে জমা হয়েছে। সরকারে যোগদানের আগে তার বেতন অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ছিল বলে জানান তিনি।
তার ভাষ্য অনুযায়ী, উপদেষ্টা থাকাকালে মোট ৮৫ লাখ ৮১ হাজার টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে এবং বিভিন্ন খাতে উত্তোলন করা হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে অবশিষ্ট রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।
এদিকে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার (২ মার্চ) সংস্থাটি এ সংক্রান্ত পদক্ষেপ নেয়।
অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তার দাবি, সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার পর থেকেই এসব গুঞ্জন ছড়ানো হচ্ছে।
ব্যাংক হিসাব তলবের বিষয়টি নিয়ে রহস্য তৈরি করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ কারণে আগেভাগেই নিজের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করেছেন বলে জানান এনসিপির এই নেতা।












