কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষককে দিনে দুপুরে অপহরণ করে তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবদুর রাজ্জাক সোহেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক। এ ঘটনায় তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার দুপুরে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার এসে তাকে জিজ্ঞেস করে তিনি উবার ডেকেছেন কি না। তিনি না বললে কয়েকজন ব্যক্তি জোর করে তাকে গাড়িতে তুলে নেয় এবং মুখ চেপে ধরে। পরে ময়নামতি ক্যান্টনমেন্ট সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তার কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা নিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ ছাড়া শারীরিকভাবে নির্যাতন করে তার এটিএম কার্ডের পিন নম্বর আদায় করে। পরে দাউদকান্দির হাবিব মার্কেট এলাকার একটি এটিএম বুথ থেকে কার্ড ব্যবহার করে প্রায় ৮০ হাজার টাকা তুলে নেয় তারা।
ঘটনার প্রায় তিন থেকে চার ঘণ্টা পর দাউদকান্দির একটি নির্জন এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর তারা ঢাকামুখী সড়ক ধরে চলে যায়।
আবদুর রাজ্জাক সোহেল বলেন, দিনের বেলায় এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক। আমি চাই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।
তিনি আরও জানান, ছিনতাইকারীর সংখ্যা ছিল চারজন এবং তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে বিশ্বরোড এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে তাদের শনাক্ত করা সম্ভব হতে পারে বলে তিনি মনে করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি












