ডেস্ক রিপোর্ট:
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. আসিফ নজরুল এই মন্তব্য করেন।
তিনি বলেন, “দুদক ছিল, উচ্চ আদালতও ছিল, কিন্তু ন্যায়বিচার হয়নি। বিচার হয়েছে শুধু খালেদা জিয়ার। ব্যাংকে থাকা তিন কোটি টাকার পরিমাণ ছয় কোটি হলেও সেই অর্থ কেউ স্পর্শ করেনি। তবুও দেশের তিনবারের প্রধানমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পেছনে দুদক ও বিচার বিভাগ যৌথভাবে কাজ করেছে।”
ড. আসিফ আরো বলেন, “শেখ হাসিনার পরিবার ছিল দুর্নীতিগ্রস্ত। তিনি সারাদেশে প্রচার করতেন যে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। দুদক ও বিচার বিভাগ তার নিয়ন্ত্রণে দাসে পরিণত হয়েছিল।”
অনুষ্ঠানে বক্তব্য দেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, “বাংলাদেশে দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজরা রাষ্ট্রের কাঠামো দখল করে রেখেছে। এভাবেই দুর্নীতিগ্রস্ত কর্তৃত্ববাদী সরকারের জন্ম হয়েছে।”
তিনি আরো বলেন, “দুর্নীতি দমন কমিশনের সংস্কার কাজ করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি এবং দুদক কর্মকর্তাদের দুর্নীতির ভয়াবহ চিত্র সামনে এসেছে। এখন এ পরিস্থিতি মোকাবিলায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা ছাড়া আর কোনো উপায় নেই।”












