ডেস্ক রিপোর্ট:
সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ হোসেন। আসন্ন বিগ ব্যাশের জন্য নিলাম থেকে তাকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে শেষ পর্যন্ত রিশাদকে বিগ ব্যাশে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না।
রিশাদের বিগ ব্যাশে খেলার পথে প্রথম থেকেই বাধা ছিল বিপিএলের সূচি। তাছাড়া জাতীয় দলের ব্যস্ততা বাড়ায় রিশাদকে নিয়ে শঙ্কা ছিল, যে তিনি বিগ ব্যাশে খেলতে পারবেন কিনা। এই শঙ্কা কিছু সময়ের জন্য দূর হলেও, এখন আবার তা নিশ্চিত হয়েছে।
জানানো হয়েছিল, ২১ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিগ ব্যাশ খেলার জন্য রিশাদকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে এবং এই সময়ে তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে দুটি ম্যাচ খেলতে পারবেন। তবে এখন নিশ্চিতভাবে জানা যাচ্ছে, রিশাদ আর বিগ ব্যাশে খেলতে পারবেন না।
হোবার্ট হারিকেন্স এক বিবৃতিতে জানিয়েছে, রিশাদের বদলে তারা আফগানিস্তানের বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে, রিশাদের বিগ ব্যাশ খেলা হচ্ছে না।












