কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেহরানে প্রেসিডেন্ট কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরাইলি হামলার দাবি

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে রাজধানী তেহরানে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি বাহিনী। এতে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবন লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য প্রকাশ করে। ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সরকারি কমপ্লেক্সের ভেতরের স্থাপনাগুলোতে বিমান হামলা চালানো হয়েছে এবং সেগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হামলার সময় প্রেসিডেন্ট কার্যালয় এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিপুল পরিমাণ গোলাবারুদ নিক্ষেপ করা হয়। তবে হামলার ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে সোমবার (২ মার্চ) তেল আবিবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, হাইফার একটি সামরিক ও নিরাপত্তা স্থাপনা এবং পূর্ব জেরুজালেমের একটি স্থানে হামলার দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমানবাহিনীর কমান্ড সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।