কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২১, ২০২৪ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল-গ্যাস না কিনলে ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। তার আগে শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি ইইউকে এমন কঠোর সতর্কবার্তা দেন।

ট্রাম্প বলেন, “ইইউ’কে বলেছি, তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করার জন্য আমাদের থেকে বড় আকারে তেল ও গ্যাস কিনতে হবে। তা না হলে, পুরোপুরি শুল্ক আরোপ করা হবে!”

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ট্রাম্প ইতোমধ্যে কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এতে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইইউর একজন মুখপাত্র জানিয়েছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, ইইউ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আমদানি করছে। তবে, যদি যুক্তরাষ্ট্র তার উৎপাদন না বাড়ায় বা এশিয়ার মতো বড় ক্রেতাদের সরবরাহ সীমিত না করে, তাহলে অতিরিক্ত আমদানি সম্ভব হবে না।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যমতে, ইউরোপীয় ইউনিয়নই বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল-গ্যাসের বৃহত্তম ক্রেতা।

২০২২ সালে, ইইউ থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করেছিল ৫৩ হাজার ৩৩০ কোটি ডলারের। বিপরীতে, ইইউতে যুক্তরাষ্ট্রের রপ্তানি ছিল ৩৫ হাজার ৮০ কোটি ডলারের। ফলে, সে বছর ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল ২০ হাজার ২৫০ কোটি ডলার।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক হুমকি ইউরোপীয় দেশগুলোর মধ্যে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের শঙ্কা বাড়িয়েছে। এই শুল্ক ইইউর অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করতে পারে।

সূত্র: আল-জাজিরা