ঢাকায় এক অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অভিযোগ করেছেন, তারেক রহমানকে কার্যকর ভূমিকা রাখতে না দেওয়ার উদ্দেশ্যে ‘ইসলামের শত্রুরা’ নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে হিফযুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেমন আলেম-ওলামাদের পাশে ছিলেন, তারেক রহমানও ধর্মীয় শিক্ষা বিস্তার এবং আলেম সমাজের উন্নয়নে ভূমিকা রাখছেন। তিনি দাবি করেন, এ কারণেই একটি মহল তার কর্মকাণ্ড ব্যাহত করার চেষ্টা করছে।
বক্তব্যে তিনি নিজেকে ‘জনগণের কর্মচারী’ হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণই তার প্রধান দায়িত্ব। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের আদর্শ অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
কওমী মাদরাসাগুলোর ভূমিকার কথা তুলে ধরে ধর্মমন্ত্রী জানান, দেশে কোরআনের শিক্ষা সম্প্রসারণে এসব প্রতিষ্ঠানের অবদান গুরুত্বপূর্ণ। সরকার কওমী মাদরাসার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।












