তারেক রহমানকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম-১৬ সংসদীয় আসন (বাঁশখালী) থেকে সংসদ সদস্য পদপ্রার্থী মীর আরশাদুল হক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করার পাশাপাশি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির প্রার্থী হিসেবেও তিনি আর নির্বাচনে অংশ নেবেন না বলে জানান।
ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে মীর আরশাদুল হক জানিয়েছেন, তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিল সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান, চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীসহ অন্যান্য সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন এবং এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করছেন।












