যশোরের শার্শা উপজেলায় তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে আল-আমিন (পিতা রফিকুল ইসলাম) নামে এক গ্রাম্য চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাতিপাড়া মোড়ে ঘটনাটি ঘটে। নিহত আল-আমিন শার্শার বারিপোতা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আল-আমিন বারিপোতা গ্রামে একটি চিকিৎসা চেম্বার পরিচালনা করতেন এবং এলাকায় পরিচিত ছিলেন। প্রতিদিনের মতো এদিনও চেম্বার বন্ধ করে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে গাতিপাড়া হাইস্কুলের সামনে ‘তারের বেড়া’ এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা দ্রুত পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ-আলম জানান, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, পূর্ববিরোধ বা ব্যক্তিগত শত্রুতার বিষয়টিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।












