ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে মাদারীপুরের শিবচরের তস্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি পদ্মা সেতু পার হয়ে তস্তারকান্দি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরে সড়কে উল্টে পড়ে। এ ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শিবচর ও পাঁচ্চর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন, সকাল ১০টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়া এবং অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় বাবার পর প্রাণ হারালেন ছেলেও
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেয়ায় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে শিবচর হাইওয়ে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।














